পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার আন্তরিক শুভেচ্ছা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো বাণীতে তিনি বলেন, “রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি গড়ে তোলা যায় এবং মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ সৃষ্টি হয়।”

ড. ইউনূস আরও বলেন, “রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাসে সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা গ্রহণের পাশাপাশি দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়।”

তিনি দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের আহ্বান জানিয়ে বলেন, “রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন।”

এইভাবে প্রধান উপদেষ্টা রমজানের মহিমান্বিত বার্তা দেশবাসী ও মুসলিম বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন, যা নৈতিক ও মানবিক মূল্যবোধের উন্নয়নে উৎসাহ যোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *