নেতা হতে নয়, সেবক হতে এসেছি: সানজিদা ইসলাম তুলি

শবে বরাতে ঢাকা-১৪ আসনে দিনব্যাপী গণসংযোগে বিএনপি প্রার্থীর অঙ্গীকার

ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, “আমি নেতা হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। আল্লাহ আমাকে যেন ঢাকা-১৪ আসনের মানুষের খেদমত করার তাওফিক দেন—এটাই আমার একমাত্র চাওয়া।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষে মিরপুরের ৮ নম্বর ওয়ার্ডের তামান্না পার্কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী নির্বাচনি গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময়কালে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।


শবে বরাতে ভোটারদের দোয়া চাইলেন তুলি

গণসংযোগকালে সানজিদা ইসলাম তুলি বলেন,
“আজকের এই পবিত্র রাতে আপনারা সবাই আমার জন্য প্রাণভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে আপনাদের সেবক হিসেবে কবুল করেন। আমাকে ফেলে চলে যাবেন না, আমিও ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো।”

তিনি বলেন, জনগণের সঙ্গে তার সম্পর্ক হবে আত্মিক ও পারিবারিক, কেবল রাজনৈতিক নয়।


‘সন্ত্রাস ও মাদকমুক্ত ঢাকা-১৪ গড়বো’

নিজের লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন,
“আমি কোনো নেতা বা নেত্রী হিসেবে নয়—কারও সন্তান, কারও বোন, কারও পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা-১৪ আসনকে সন্ত্রাস, মাদক ও দখলবাজমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে।


ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের কাছে

নির্বাচনি প্রচারণায় ভোটারদের উদ্দেশে সানজিদা ইসলাম তুলি বলেন,
“আমি তারেক রহমানের প্রতিনিধি এবং আপনাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আগামী পাঁচ বছর আপনাদের দায়িত্ব কাঁধে তুলে নেবো।”


সংগ্রামী পরিচয় ও ইতিবাচক রাজনীতির বার্তা

নিজের রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের কথা উল্লেখ করে তিনি বলেন,
“আমি একজন ভাষাসৈনিকের সন্তান, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা হিসেবে একজন সংগ্রামী নারী। অন্যায়ের সঙ্গে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করবো না।”

তিনি জানান, তিনি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী এবং কাউকে আক্রমণ করে নয়, বরং কীভাবে জনগণের জন্য কাজ করবেন—সেটাই তুলে ধরতে চান।


আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর অঙ্গীকার

আন্তর্জাতিক পরিসরে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে সানজিদা ইসলাম তুলি বলেন,
“আল্লাহ আমাকে আন্তর্জাতিকভাবে কথা বলা ও কাজ করার সুযোগ দিয়েছেন। সেই সব অভিজ্ঞতা আমি ঢাকা-১৪ আসনের মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই।”


গণসংযোগে ব্যাপক জনসমাগম

দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে ঢাকা-১৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *