কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাঁরা। অনেকেই পরেছেন একুশের প্রতীক সাদা–কালো পোশাক। ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। তা চলে সাহ্রির আগপর্যন্ত। সাহ্রি শেষে আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় প্রভাতফেরিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শুরু করেন।

শ্রদ্ধা নিবেদন করা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটি, বিশ্বসাহিত্য কেন্দ্র, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, বাসদ (মার্ক্সবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রভৃতি।

ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার। শহীদ মিনার, ২১ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন ভাষার বর্ণ হাতে এসেছেন তাঁরা । শহীদ মিনার, ২১ ফেব্রুয়ারি
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।