দেশে ফেরার প্রস্তুতি, নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।

ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনালকোলাজ

দুই বছরের বেশি সময় আগে এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এখন তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। এ পরিস্থিতিতে তাঁর দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে।

শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।

আজ সোমবার শেখ হাসিনার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁর দেশে ফেরার তারিখ জানানো হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা মামলার এসব অভিযোগ অস্বীকার করেছেন।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তাঁরা বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁরা তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।

এ বিষয়ে জানতে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাঁরা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তাঁর দলের অনেক নেতা–কর্মী কারাগারে রয়েছেন। অনেকে ভারতে বা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।

বিভিন্ন মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশের বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে।

অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের উন্নতি হতে পারে। তাঁকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটেছিল।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted