
মাঠ প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল এনে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে এক জেলার ডিসিকে অন্য জেলায় বদলি করার পাশাপাশি নতুন দুই কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উর-জামান এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অন্যদিকে, হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি এম সরফরাজকে বদলি করে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা আলমগীর কবিরকে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
