বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনেই দেড় কোটি আবেদন, জেনে নিন কীভাবে আবেদন করবেন
খেলা ডেস্ক |
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। কিন্তু গ্যালারিতে বসে সেই লড়াই দেখার প্রতিযোগিতা এরই মধ্যে জমজমাট রূপ নিয়েছে। ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ম্যাচগুলো মাঠে বসে দেখতে দর্শকদের আগ্রহের যেন শেষ নেই। আর টিকিটের জন্য আবেদনের অবিশ্বাস্য সংখ্যা দেখলেই সেটা স্পষ্ট বোঝা যায়।
বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধনপ্রক্রিয়া শুরুর মাত্র ১২ দিনের মধ্যে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের ১৪২টি দেশ থেকে মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের আবেদন এসেছে। এসব টিকিটের জন্য সফলভাবে নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন ক্রিকেটপ্রেমী।
আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। এই মেগা আসরের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এর আগে গত ১ অক্টোবর বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।
আবেদনের শীর্ষে যুক্তরাজ্য ও ভারত
আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, টিকিটের জন্য আবেদনের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন যুক্তরাজ্যের ক্রিকেটপ্রেমীরা। এরপরই শীর্ষ পাঁচের তালিকায় আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এই দেশগুলোর দর্শকদের কাছ থেকেই সবচেয়ে বেশি টিকিটের আবদার এসেছে।
বিশ্বকাপের টিকিট নিয়ে দর্শকদের এমন অভূতপূর্ব আগ্রহে উচ্ছ্বসিত আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। তাঁর মতে, এই বিপুল চাহিদাই প্রমাণ করে ক্রিকেট বিশ্বকাপের বিশ্বব্যাপী আবেদন কতটা ব্যাপক। তিনি বলেন, “টিকিটের জন্য এই অভূতপূর্ব চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও আকর্ষণেরই প্রমাণ। একই সঙ্গে পর্যটন গন্তব্য হিসেবে আফ্রিকার আকর্ষণ এবং আইসিসি ও এর অংশীদারদের প্রচারণা দর্শকদের মধ্যে যে বড় প্রত্যাশা তৈরি করেছে, সেটিও এতে ফুটে উঠেছে।”
টিকিটের জন্য যেভাবে আবেদন করবেন
২০২৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য এখনই কোনো টাকা দিতে হবে না। মূলত এটি টিকিট কেনার ‘সুযোগ’ পাওয়ার একটি প্রাথমিক প্রক্রিয়া। জেনে নিন আবেদনের নিয়মাবলি:
- আবেদনের মাধ্যম: টিকিটের জন্য আগ্রহীদের আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
- আবেদনের শেষ সময়: আগামী ২১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময় অনুযায়ী ২২ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট) পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে।
- আবেদনের নিয়ম: নিবন্ধনের জন্য কোনো অর্থ দিতে হবে না। একজন দর্শক একটি নির্দিষ্ট ম্যাচের জন্য কেবল একবারই আবেদন করতে পারবেন। তবে চাইলে বিশ্বকাপের একাধিক আলাদা আলাদা ম্যাচের টিকিটের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
- টিকিট পাওয়ার প্রক্রিয়া: আগে আবেদন করলেই যে টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বিষয়টি তেমন নয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা প্রত্যেকের সুযোগ সমান। যদি কোনো ম্যাচের গ্যালারির ধারণক্ষমতার চেয়ে আবেদন বেশি পড়ে (যা প্রায় সব ম্যাচেই হচ্ছে), তবে লটারির (ব্যালট) মাধ্যমে ভাগ্যবান টিকিট ক্রেতাদের নির্ধারণ করা হবে।
- ফলাফল জানবেন যেভাবে: লটারিতে যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের ইমেইলের মাধ্যমে পরবর্তী টিকিট কেনার পেমেন্ট লিঙ্ক ও নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে। আর যাঁরা নির্বাচিত হবেন না, তাঁরাও নিবন্ধনের সময় দেওয়া ইমেইল ঠিকানায় দুঃখপ্রকাশ সূচক ফলাফলটি পেয়ে যাবেন।
আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ শুরু হতে যেহেতু এখনো এক বছর বাকি, তাই আগামী দিনগুলোতে দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে একাধিক প্ল্যাটফর্মে নানা ধরনের আকর্ষণীয় ক্যাম্পেইন ও কনটেন্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের।