শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকাসহ তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি। পুরোনো ছবিদেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত এই সদস্যদের মধ্যে সর্বোচ্চ ১৮ প্লাটুন দায়িত্ব পালন করছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে। এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বিজিবি সদর দপ্তর আরও জানায়, মোতায়েনকৃত সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।