সমাজের অগ্রযাত্রায় বড় শক্তি মানুষের সংগ্রাম ও সৃজনশীলতা

সৈয়দ জামিল আহমেদ বিশিষ্ট নাট্য-নির্দেশক, অধ্যাপক ও গবেষক। প্রথম আলোর সঙ্গে তিনি বাংলাদেশের ইতিহাসের বাঁকবদল, রাজনৈতিক ও সামাজিক দর্শন এবং সংস্কৃতিচর্চার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন।
প্রশ্ন: বিরাট রাজনৈতিক পালাবদলের পরে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? আমরা কি আদৌ একটি সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে এগিয়ে যেতে পারছি?
সৈয়দ জামিল আহমেদ: সত্যি বলতে কি, সমাজে বিভক্তি আরও গভীর ও বিপজ্জনক হয়েছে। আগে একটি দল ক্ষমতায় থেকে চাঁদাবাজি ও সুযোগ-সুবিধা ভাগবাঁটোয়ারা করে নিয়েছিল, এখন অন্য দল এসে সেটা নিজেদের দখলে নিতে চাইছে। রাজনীতির কোনো পরিবর্তন ঘটেনি, রাষ্ট্রব্যবস্থা আগের মতোই আছে। মানুষের চিন্তা বদল করতে না পারলে কোনো না কোনো ফাঁকফোকর বের করে অন্যায় ও অপরাধ চলবেই। সমাজকে সত্যিকার অর্থে বদলাতে হলে পরিবার, শিক্ষাব্যবস্থা ও নাগরিক সমাজ—এই তিনটি প্রধান ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও সংস্কার প্রয়োজন।
প্রশ্ন: মানুষের চিন্তা ও সমাজকে বদলাতে কেমন শিক্ষা প্রয়োজন? বিদ্যমান ব্যবস্থার মধ্যে একজন শিক্ষকই বা কীভাবে ভূমিকা রাখতে পারবেন?
সৈয়দ জামিল আহমেদ: আমাদের শিক্ষাদান-পদ্ধতির অবস্থা খুব শুকনো। এর মধ্যে দূরদর্শিতার অভাব আছে। একজন শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো। বিদ্যমান কাঠামোর ভেতরেও এটি সম্ভব। কাঠামো আছে বলেই যে তাঁর আর কিছু করার নেই, বিষয়টি সে রকম নয়। শিক্ষক নিজে কী বুঝছেন, কীভাবে ভাবছেন এবং শিক্ষার্থীর সামনে কী তুলে ধরছেন, তার ওপর অনেক কিছু নির্ভর করে।
অধ্যাপক আনিসুর রহমানের একটি অভিজ্ঞতার কথা মনে পড়ে। একবার বন্যায় তাঁরা ত্রাণ দিতে গিয়েছিলেন। কিন্তু ত্রাণসামগ্রী ছিল কম। তখন তাঁরা গ্রামবাসীকে বললেন, আপনারাই কথা বলে ঠিক করুন, কাদের দেওয়া বেশি জরুরি। অনেক আলোচনার পর তাঁরা দুটি পরিবারকে বেছে নিলেন—একটি একজন হেডমাস্টারের, আরেকটি ছিন্নবস্ত্র এক মায়ের। তাঁদের প্রয়োজন ছিল, কিন্তু লজ্জায় চাইতে পারছিলেন না। শিক্ষার প্রসঙ্গে এই অভিজ্ঞতা আমার কাছে গুরুত্বপূর্ণ। মানুষকে গুরুত্ব দিতে হবে। তাদের কথা বলতে, ভাবতে ও সিদ্ধান্ত নিতে দিতে হবে। শিক্ষার্থীদের স্বপ্ন দেখানোর কথাটি আমি এই জায়গা থেকেই বলছি। নিজের চারপাশের মানুষের জগৎটিকে বোঝা এবং অন্যভাবে কিছু করা সম্ভব কি না, তা ভাবার চেষ্টা করা।
আমাদের বিভাগের এক শিক্ষার্থী কওমি ও আলিয়া মাদ্রাসায় নাট্যচর্চা নিয়ে গবেষণা করেছিল। মাদ্রাসার শিক্ষকেরা তাদের কাজ সিসি ক্যামেরায় লক্ষ্য করছিলেন। পরে একজন শিক্ষক বললেন, ‘আপনারা তো নাটকের মাধ্যমে ন্যায়নীতি শেখাচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করতে শেখাচ্ছেন। আমরাও তো ধর্মশিক্ষায় এসব শেখাই। একটি মিলের জায়গা বেরিয়ে এল। একে অন্যকে না জানলে এ ধরনের মিল চোখেই পড়বে না। শেখার জায়গা শুধু নিজের পরিচিত পরিসরের মধ্যে সীমিত নয়। আমরা যাঁদের আলাদা ভাবি, তাঁদের মধ্যেও এমন কিছু থাকতে পারে, যার সঙ্গে আমাদের কাজের যোগ আছে। এই অপরিচয় কাটানোর কাজে শিক্ষা ও গবেষণার ভূমিকা রয়েছে।
প্রশ্ন: পরিবারের ভূমিকা এখানে কী?
সৈয়দ জামিল আহমেদ: শিক্ষায় পরিবারের ভূমিকা অনেক বড়। একজন বাবা যদি ঘুষ খান, শিশুটি ছোটবেলা থেকেই সেটা দেখে শেখে। দুর্নীতি পারিবারিক ও সামাজিক পরিসরে গ্রহণযোগ্যতা সৃষ্টি করে। অন্যায় ঘরে স্বাভাবিক হয়ে উঠলে শিশুর চিন্তায় তার প্রভাব পড়ে। তাই শিক্ষা নিয়ে ভাবতে গেলে পরিবারকে বাদ দেওয়া যায় না।
প্রশ্ন: আপনি বলেছেন, রাষ্ট্র ও সমাজে বিভক্তি আরও গভীর হয়েছে। দেশ এই জায়গায় এসে পড়ল কী করে? আপনি অত্যন্ত কম বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তখন কী স্বপ্ন ছিল দেশ নিয়ে?
সৈয়দ জামিল আহমেদ: কোনো সুনির্দিষ্ট স্বপ্ন নিয়ে আসলে মুক্তিযুদ্ধে যাইনি। কিশোর মনে পরিপক্ব কোনো রাষ্ট্রীয় স্বপ্ন থাকা সম্ভবও ছিল না। সত্যি বলতে কি, ২৫ মার্চের আগে আমি রাজনৈতিকভাবে মোটেও সচেতন ছিলাম না। ক্যাডেট কলেজে পড়তাম। সেখানে শেখানো হয়েছিল, পাকিস্তান ফার্স্ট। ২৫ মার্চ রাত দুইটায় আমার বাবা আমাকে ডেকে তোলেন। সিদ্ধেশ্বরীর বাসা থেকে দক্ষিণের আকাশে দেখি, আগুনের লেলিহান শিখা। কারফিউ তুলে নিলে বাইরে বের হওয়ার পরে দুটি দৃশ্য আমার মনে আজীবনের জন্য খোদাই হয়ে আছে। গুলিস্তান সিনেমা হলের কাছে যেখানে মীর জুমলার কামান থাকত, তার পাশে একটা লাশ। মাথাটা ফাঁক হয়ে আছে। বোঝাই যাচ্ছে, কিছুক্ষণ আগে তাঁকে হত্যা করা হয়েছে। হেঁটে সামনে গিয়ে দেখি, পুরো নয়াবাজার পুড়ে ছারখার। বুঝতে পারলাম, ২৫ মার্চ রাতে এই নিরীহ মানুষগুলোকে পুড়িয়ে মারা হয়েছে। এর পরপর মেজর জিয়ার ভাষণ শুনতে পাই।
সেই আগুন আর লাশের বীভৎসতা দেখে পরিষ্কার হয়ে গেল, যে রাষ্ট্র নিজের জনগণের ওপর এভাবে আক্রমণ চালায়, সেই রাষ্ট্র আমার হতে পারে না। আমি মুক্তিবাহিনীতে যোগ দিই।
তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৭২ সাল পর্যন্ত অধিকাংশ মানুষের, বিশেষ করে তরুণ ও যুবকদের মধ্যে মুক্তির এক অভূতপূর্ব অনুভূতি ও উদ্দীপনা ছিল। মনে হতো, এই বাংলাদেশে সবকিছুই সম্ভব। সবার ভেতরে নতুন কিছু গড়ে তোলার তীব্র আশাবাদ ও প্রাণশক্তি কাজ করছিল।
প্রশ্ন: সেই তীব্র আশাবাদ হোঁচট খেল কীভাবে?
সৈয়দ জামিল আহমেদ: ১৯৭২ সালের পর থেকে ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি যেদিকে মোড় নিল, সেটা একটা কষ্টের ইতিহাস। বাকশালের একদলীয় ব্যবস্থা আর সেটা ঘিরে রাজনৈতিক মেরুকরণ দেশের হাওয়া বদলে দিল। সবচেয়ে বড় ধাক্কা এসেছিল ১৯৭৪ সালের দুর্ভিক্ষে। বদরুদ্দীন উমর ও বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, স্বাধীনতার পরপরই কীভাবে লুণ্ঠন শুরু হয়েছিল। লুটপাট করছিল তৎকালীন শাসকগোষ্ঠীর লোকেরা। ১৯৭৪ সালের মধ্যেই সাধারণ মানুষের স্বপ্ন চরমভাবে ভেঙে পড়ল।
তরুণদের যদি শেখাতে পারি কীভাবে রাষ্ট্র ও সমাজকে প্রশ্ন করতে হয়, কীভাবে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়, তাহলে সমাজ ও সংস্কৃতির রূপান্তর অবশ্যই ঘটবে
প্রশ্ন: কিন্তু এমন একটা সংকটময় পরিস্থিতিতে থিয়েটারচর্চায় যে যুক্ত হলেন, কোনো একটা স্বপ্ন ছিল নিশ্চয়ই?
সৈয়দ জামিল আহমেদ: ১৯৭৩ সালের ডিসেম্বরে আমি ঢাকা থিয়েটারের দুটি নাটক সংবাদ কার্টুন আর সম্রাট ও তার প্রতিদ্বন্দ্বীগণ দেখে মনে হলো, মানুষের সঙ্গে যোগাযোগের জন্য থিয়েটার অবিশ্বাস্য শক্তিশালী একটি মাধ্যম। অন্য পেশার মানুষ যা বলতে পারেন না, থিয়েটারের মাধ্যমে তা সরাসরি ও জোরালোভাবে বলা সম্ভব; মানুষের মধ্যে প্রশ্ন জাগিয়ে তোলা এবং উদ্দীপনা সঞ্চার করা সম্ভব। মানুষের মনে নাড়া দেওয়ার এই শক্তি আমাকে আকৃষ্ট করেছিল।
প্রশ্ন: বাংলাদেশ তো একটা অভূতপূর্ব রাষ্ট্র। এই ভূখণ্ডের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছে। এই জনপদের শক্তিমত্তা বা সংকট কোথায়?
সৈয়দ জামিল আহমেদ: আমাদের ইতিহাসের সত্যটা বোঝা দরকার। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের আগে বাংলা অঞ্চলের অর্থনীতি ইংল্যান্ডের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। জিডিপির নিরিখে ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ অঞ্চল। পুরো পৃথিবীর ৩ থেকে ৪ শতাংশ জনগণের আবাসস্থল ছিল। সমগ্র পৃথিবীর ১০ থেকে ১২ জিডিপির উৎস ছিল বাংলা। বিদেশ থেকে আমাদের খাদ্যশস্য আনার প্রয়োজন পড়েনি। বিদেশি বণিকেরা সোনা ও রুপার বিনিময়ে মসলিনসহ আমাদের অন্যান্য পণ্য ক্রয় করত। ইংল্যান্ড সমৃদ্ধ হয়ে উঠেছে আমাদের কাছ থেকে লুট করা সম্পদের ওপরে ভর করে।
ব্রিটিশ উপনিবেশ আমাদের প্রধানত তিনভাবে ক্ষতিগ্রস্ত করেছে। প্রথমত, অর্থনৈতিকভাবে। আমাদের সমৃদ্ধ রেশমশিল্প, সুতিবস্ত্র, সোনারগাঁয়ের বিশ্বখ্যাত মসলিন এবং উন্নত জাহাজনির্মাণ শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়। একটি উৎপাদনশীল ও সমৃদ্ধ দেশকে কেবল কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত করা হয়। দ্বিতীয়ত, আমাদের মধ্যে ঐতিহাসিক বিস্মৃতি তৈরি করা হয়েছে। আমরা ভুলে যাই, বাংলা সভ্যতার ইতিহাস অন্তত খ্রিষ্টপূর্ব দেড় হাজার বছর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এটি প্রায় সাড়ে তিন হাজার বছরের প্রাচীন সভ্যতা। তৃতীয়ত, ঔপনিবেশিক শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে মানসিক হীনম্মন্যতা তৈরি করা হয়েছে। ফ্রানৎস ফানোঁর ভাষায়, আমরা কালো চামড়ার মানুষ, কিন্তু মুখোশ পরতে শিখেছি সাদা। আমাদের ছিল একটি অত্যন্ত সমৃদ্ধ নদীকেন্দ্রিক সভ্যতা। নদীপথেই যোগাযোগ ও বাণিজ্য চলত। ব্রিটিশরা এই সভ্যতার কাঠামো ভেঙে আমাদের দরিদ্র করেছে এবং আমাদের মধ্যে ঔপনিবেশিক মানসিকতা ঢুকিয়ে দিয়েছে।
প্রশ্ন: পঞ্চাশ ও ষাটের দশকে পাকিস্তানবিরোধী রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি চলা জোরালো সাংস্কৃতিক আন্দোলন মানুষকে মুক্তির পথ দেখিয়েছিল। স্বাধীনতার পর কি সাংস্কৃতিক কর্মী বা বুদ্ধিজীবীরা ব্যর্থ হলেন?
সৈয়দ জামিল আহমেদ: শত্রু যখন বহিরাগত ও সুনির্দিষ্ট—যেমন পাকিস্তান রাষ্ট্র—তখন তার বিরুদ্ধে লড়াই করা সহজ। কিন্তু ১৯৭১ সালের পর শোষক হয়ে গেলাম আমরা নিজেরাই। স্বাধীনতার পর ১৯৭৫ সাল পর্যন্ত এবং পরবর্তী সময়েও আমরা আশা করেছিলাম একটি শক্তিশালী নাগরিক সমাজ গড়ে উঠবে। তারা রাষ্ট্র ও সরকারের ভুলভ্রান্তির বিরুদ্ধে কথা বলবে। রাষ্ট্র তো সব সময় কেবল বন্দুক দিয়ে শাসন করে না, মানুষের সম্মতি আদায় করেও শাসকগোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে। আমাদের ‘শিক্ষিত’ জনগোষ্ঠী, এমনকি সংস্কৃতি মন্ত্রণালয়ের আমলারা সংস্কৃতিচর্চা বলতে বোঝেন, সন্ধ্যায় আরাম কেদারায় হেলান দিয়ে চা-বিস্কুট খেতে খেতে গান শোনা। তাঁরা বোঝেন না, সংস্কৃতিচর্চা এমন এক বিমূর্ত অগ্নিপিণ্ড বা আলোকরশ্মি, যা দিয়ে রাষ্ট্রের সম্মতি-আদায়ের কৌশলের বিপরীতে বিরোধী-সহমত সৃষ্টি করা যায়, চিন্তা বদলানো যায়, প্রতিবাদের স্ফুলিঙ্গ জ্বালানো যায়।
শেখ হাসিনার ১৫-১৬ বছরের শাসনামলে যা হলো, সেটা মর্মান্তিক। সমাজকে একটি কৃত্রিম বাইনারির মধ্যে আটকে ফেলা হলো—একদিকে আওয়ামী লীগের ব্যাখ্যা দেওয়া ‘মুক্তিযুদ্ধের চেতনা’, আর অন্যদিকে ‘ইসলামপন্থা’। এমন একটা আতঙ্ক তৈরি করা হলো যে সেই সরকারের সমালোচনা করা মানেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা। এই বিভাজন স্বাধীনভাবে প্রশ্ন তোলার পথ অবরুদ্ধ করেছে।
প্রশ্ন: ধর্মের প্রশ্নকে উপেক্ষা করে কি আমরা ভুল করেছি? দেশে যে এখন সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিপরীতে ধর্মীয় জাতীয়তাবাদ মাথাচাড়া দিচ্ছে, সেখানে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ বা সাংস্কৃতিক কর্মীদের কোনো ভূমিকা পালন করার আছে?
সৈয়দ জামিল আহমেদ: স্বাধীনতার পর থেকে আমরা, যারা সেক্যুলার সিভিল সোসাইটির অংশ ছিলাম, তাদের বড় বোকামি ছিল ধর্মীয় গোষ্ঠীগুলোকে পুরোপুরি উপেক্ষা করা। আপনি তাদের কথা না শুনলে তারাই বা আপনার কথা শুনতে যাবে কেন? আমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক থাকার সময় ধর্মীয় গোষ্ঠী ও আলেমদের একাডেমিতে এনে সামনাসামনি খোলামেলা তর্ক ও বাহাসের আয়োজন করতে চেয়েছিলাম। আমি বিশ্বাস করি, লাঠি বা সংঘাতের বদলে যুক্তি দিয়ে আলোচনা করলে এই সংকট মোকাবিলা করা সম্ভব। খোলামেলা সংলাপ ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে তা ভাঙতে হবে। এই সংলাপ যেন মেকি না হয়। অর্থাৎ বিপক্ষের যুক্তি যদি অকাট্য হয়, তবে তা খোলা মনে গ্রহণের সাহস থাকতে হবে।
প্রশ্ন: এখনকার সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তিতে অভ্যস্ত জেন-জি বা তরুণ প্রজন্মের সামনে আমরা কী নিয়ে হাজির হব? আপনি কি সামাজিক রূপান্তরের কোনো স্বপ্ন দেখেন?
সৈয়দ জামিল আহমেদ: আমাদের চেনা পুরোনো পৃথিবী একেবারে বদলে গেছে। আদর্শিক উদ্দীপনা অন্তর্হিত। বিশ্বায়ন আর নব্য উদারবাদী অর্থনীতি সবকিছু পাল্টে দিয়েছে। ১৯৯২ সালে অর্থনীতির কাঠামোগত সংস্কারের পর মধ্যবিত্তের হাতে আর কোনো উদ্বৃত্ত সময় নেই, যখন তারা শিল্প-সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত হবে। নব্য উদারবাদ ও ভোগবাদের এই যুগে আমাদের মূল কাজ হবে পরিবার, শিক্ষা ও শিল্পকলার মধ্যে প্রশ্ন করার চর্চা বজায় রাখা এবং নতুন স্বপ্নের বীজ বোনা। তরুণদের যদি শেখাতে পারি কীভাবে রাষ্ট্র ও সমাজকে প্রশ্ন করতে হয়, কীভাবে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়, তাহলে সমাজ ও সংস্কৃতির রূপান্তর অবশ্যই ঘটবে।
প্রশ্ন: সমাজে এ রকমের রূপান্তর আনতে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন?
সৈয়দ জামিল আহমেদ: আমি মনে করি দুটি শ্রেণি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: এক. ব্যবসায়ী, দুই. সাধারণ মানুষ। ব্যবসা পরিচালনার জন্য একটি স্থিতিশীল এবং দুর্নীতিমুক্ত সামাজিক পরিস্থিতি দরকার। ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থেই তারা সে ধরনের পরিস্থিতি গড়ে তুলতে উদ্যোগী হয়। শত বছর আগের অপরাধপ্রবণ নিউইয়র্ক বা সাম্প্রতিক সিঙ্গাপুরের রূপান্তরের ইতিহাস এই কথাই বলে।
আর টিকে থাকার তাগিদেই সাধারণ মানুষ নিজস্ব উদ্ভাবনী শক্তি ও প্রজ্ঞাকে কাজে লাগায়। বেঁচে থাকার তাগিদেই প্রতিকূলতার ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগিয়ে লড়াই করে এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।