
আর্জেন্টিনা ৭-০ কোস্টারিকা লিওনেল স্কালোনি কী বেরসিক! জোড়া গোল পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ। পরের অর্ধে মাঠে ফিরে হ্যাটট্রিকের ভাবনা কার না থাকে! কিন্তু স্কালোনি তা ভাবেননি। প্রীতি ম্যাচে হ্যাটট্রিকের চেয়ে খেলোয়াড়দের চোটমুক্ত রাখাটা সম্ভবত আর্জেন্টিনা কোচের কাছে বেশি যৌক্তিক লেগেছে। পরের অর্ধে তাই পাজ ও আলভারেজের মাঠে নামা হলো না। বেঞ্চে বসেই দেখতে হলো আর্জেন্টিনার আরও তিন গোল।
পাজ ও আলভারেজের মতো অতটা আরামে না হলেও এক অর্থে দর্শক বনে গিয়েছিলেন কোস্টারিকার খেলোয়াড়েরা। স্কালোনির শিষ্যদের নিশঙ্ক-চিত্তে শুটিং অনুশীলনে তাঁরা যে প্রায় কোনো বাধাই তৈরি করতে পারেনি। রসিকজন ভাবতে পারেন, আতিথ্য নিয়ে পেটপুরে ‘সেভেন আপ’ হজম করা কোস্টারিকার পক্ষ থেকে সেটা হয়তো সৌজন্যতা!
আসলে তা নয়। মেসি-পরবর্তী আর্জেন্টিনা প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে ২-১ গোলে হারায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছিলেন কোনো কোনো আর্জেন্টিনা–সমর্থক। পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে স্কালোনির দল সেই হার থেকে শুধু ঘুরেই দাঁড়ায়নি, মেসি-পরবর্তী আর্জেন্টিনা ভালো খেললে সেটা কেমন হতে পারে, সেটাও বুঝিয়ে দিয়েছে।
গোলদাতা তাই চারজন। এর মধ্যে তিনজনের ওপর আবার মেসি-পরবর্তী আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব। মেসির ১০ নম্বর জার্সির উত্তরসুরি পাজ ও আলভারেজের কথা তো বলাই হলো। অন্যজন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তাঁকেও মেসির জায়গায় দেখেন কেউ কেউ। স্কালোনি আসলে মাঝমাঠে মেসির ওই জায়গাতেই প্রথমার্ধে খেলান পাজকে, পরের অর্ধে তাঁর বদলি হিসেবে মাস্তানতুয়োনোকে। ফল? জোড়া গোল পেয়েছেন মাস্তানতুয়োনোও। তাঁর দুই গোলের মাঝে অ্যালেক্সিস-ম্যাক অ্যালিস্টার একটি গোল করেন।

৮৮ মিনিটে মাস্তানতুয়োনোর শেষ গোলে মজার একটি বিষয় মনে হতে পারে। আর্জেন্টিনা কি তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে দেখিয়ে দিল, ‘দেখো বন্ধু, আমরাও সেভেন আপ খাওয়াতে পারি!’ না, মানে বছরের শেষ এ আন্তর্জাতিক বিরতির শেষ সূচিতে গতকাল বিকালে সিঙ্গাপুরকে ব্রাজিলও হারিয়েছে৭-০গোলে। আর্জেন্টিনা পিছিয়ে থাকবে কেন!
বরং কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে শুরু থেকেই চেপে ধরেছে ফিফা র্যাঙ্কিংয়ে ৫৪তম কোস্টারিকাকে। ফল? প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে ৪-০ গোলে।
৮ মিনিটে বক্সের মাথা থেকে দারুণ শটে গোলের শুরুটা করেছিলেন পাজ। এরপর ৩৫ থেকে ৪৩—এই ৯ মিনিটে ছোটখাটো একটি ঝড় বয়ে যায় মধ্য আমেরিকার দলটির ওপর। গোল হয় তিনটি। ৩৫ মিনিটে আলভারেজের দারুণ ফিনিশিং এবং তিন মিনিট পরই বাঁ পায়ের পাজের ‘ম্যাজিক’। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে গোল! প্রথমার্ধ শেষের দুই মিনিট আগে বক্সের বাঁ কোণ থেকে আলভারেজের দ্বিতীয় গোলটিও ছিল দারুণ শট।
কোস্টারিকা গোলকিপার বাধা হয়ে না দাঁড়ালে বদলি নামা মাস্তানতুয়োনো প্রথম টাচেই গোল করতে পারতেন। ৪৮ মিনিটে সেই বক্সের ভেতর থেকেই নেওয়া শটে গোল পান এই অ্যাটাকিং মিডফিল্ডার। ৭৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলটিও বক্সের ভেতর থেকে নেওয়া শটে। কোস্টারিকার ডিফেন্ডাররা কোনো শটেই বাধা দিতে পারেননি।
চোট কাটিয়ে পোস্টে ফিরেই সের্হিও রোমেরোর আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৪৭ ম্যাচ ‘ক্লিন শিটে’র রেকর্ডে ভাগ বসিয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। দুই অর্ধে দুটি সেভ ছাড়া ম্যাচে তাঁকে প্রায় কিছুই করতে হয়নি। আর্জেন্টিনা ৯টি শট পোস্টে রেখে বাকি দুটিতে গোল পায়নি কোস্টারিকা গোলকিপারের দৃঢ়তায়। পোস্টেও বল মারেন আর্জেন্টিনার প্রেস্তিয়ান্নি।
নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ হার ও জয়ে শেষ করল আর্জেন্টিনা। উরুগুয়ের কাছে হারের পর কোস্টারিকার বিপক্ষে বড় জয়ে বছর শেষ করলেও স্কালোনির সামনে এখন অনেক কাজ বাকি। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে গোছাতে হবে দল। এবার তাঁর কাছে মেসি নেই। তবে পাজ-আলভারেজ-মাস্তানতুয়োনোদের মতো তরুণেরা আছেন। এ ম্যাচে অন্তত তাঁরা হতাশ করেননি।
