রংপুরে দুই তরুণকে বাস থেকে ফেলে হত্যার ঘটনা গণপরিবহনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এ অপরাধকে কোনোভাবেই দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
সড়কে দুর্ঘটনা, যানজট ও অব্যবস্থাপনা আমাদের নিত্যদিনের সমস্যা। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে গণপরিবহনে যাত্রীদের জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়া, এমনকি হত্যার মতো ভয়াবহ অপরাধ। গত রোববার রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে একটি বাসে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে এক যাত্রীকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন চালক ও তাঁর সহকারী। অভিযোগ, ওই যাত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর দুই স্বজনকে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এতে মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২) নামের দুই তরুণের মৃত্যু হয়।
নিহত দুজনই নীলফামারী সদর উপজেলার বাসিন্দা। জীবিকার সন্ধানে তাঁরা কুমিল্লায় গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে এমন নির্মম ঘটনার শিকার হতে হলো তাঁদের। অভিযোগ অনুযায়ী, তাঁদের সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই বাসের চালক ও সহকারী এ ঘটনা ঘটান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাননি। ফলে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলার সুযোগ নেই। এটি অর্থের লোভে সংঘটিত একটি ভয়াবহ অপরাধ।
একটি যাত্রীবাহী বাসে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন, এটাই স্বাভাবিক প্রত্যাশা। অথচ সেই বাসের চালক ও সহকারীই যদি যাত্রীদের জন্য আতঙ্কের কারণ হয়ে ওঠেন, তাহলে গণপরিবহনে নিরাপত্তা কোথায়? পেছন থেকে আসা একটি মাইক্রোবাস বাসটির পথ আটকানো এবং স্থানীয় মানুষের দ্রুত এগিয়ে আসার কারণে জিম্মি যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সময়মতো তাঁরা এগিয়ে না এলে আরও প্রাণহানির আশঙ্কা ছিল।
এ ঘটনায় গণপরিবহনে চালক ও সহকারী নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের পরিচয়, অতীত কর্মকাণ্ড ও পেশাগত যোগ্যতা যাচাই না করে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। পরিবহনমালিকদেরও এ বিষয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। একজন চালক বা সহকারীর অপরাধের দায় শুধু ব্যক্তির ওপর চাপিয়ে দিলে চলবে না; নিয়োগ ও তদারকির ক্ষেত্রেও মালিকপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা নেওয়ার কথা জানা গেছে। কিন্তু একজন যাত্রীকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগকে শুধু সড়ক পরিবহন আইনের আওতায় সীমাবদ্ধ রাখা যায় না। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে দণ্ডবিধির অধীন হত্যা ও ছিনতাইয়ের মতো অপরাধের বিষয়গুলোও তদন্তে আনতে হবে। অপরাধের প্রকৃতি অনুযায়ী সঠিক আইনি ধারায় মামলা ও অভিযোগপত্র দেওয়া জরুরি।
পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত বাসচালক আজির হোসেন ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে। এখন প্রয়োজন নিরপেক্ষ ও দ্রুত তদন্ত। কোনো প্রভাব, চাপ কিংবা আইনি দুর্বলতার কারণে যেন অপরাধীরা পার পেয়ে না যান, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মুকুল ও শাকিবের মৃত্যুতে দুটি পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। জীবিকার সন্ধানে ঘর ছেড়ে যাওয়া দুই তরুণের এমন নির্মম পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
গণপরিবহন মানুষের নিরাপদ যাতায়াতের মাধ্যম, আতঙ্কের জায়গা নয়। তাই বাসচালক ও সহকারী নিয়োগে কঠোর যাচাই, পরিবহনমালিকদের জবাবদিহি এবং মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে হবে। সবচেয়ে বড় কথা, অর্থের লোভে সংঘটিত এমন হত্যাকাণ্ডকে কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বা ছোটখাটো অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে হবে।

