গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। চুক্তি নবায়ন, ভারতের সঙ্গে পানি আলোচনা, অভিন্ন নদীর ন্যায্য হিস্যা এবং দীর্ঘমেয়াদি নদী ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ও নদীবিশেষজ্ঞ ড. মনজুর আহমেদ চৌধুরী। তাঁর মতে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অন্তর্বর্তী সমঝোতা করা জরুরি। পাশাপাশি শুধু ফারাক্কায় কত পানি পাওয়া যাবে, সেই আলোচনায় সীমাবদ্ধ না থেকে পুরো অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার দিকে যেতে হবে।
প্রশ্ন: আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানিবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি বা নবায়নের বিষয়ে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তা কীভাবে দেখছেন?
মনজুর আহমেদ চৌধুরী: হাতে প্রায় চার সপ্তাহ সময় আছে। এই সময়ের মধ্যে নতুন একটি পূর্ণাঙ্গ চুক্তি করা কঠিন। তবে একেবারে অসম্ভবও নয়। আমার মনে হয়, আপাতত বর্তমান চুক্তিটি তিন থেকে পাঁচ বছরের জন্য নবায়ন করা যেতে পারে। এই সময়ের মধ্যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে একটি নতুন ও কার্যকর চুক্তির প্রস্তুতি নিতে হবে।
এ ধরনের চুক্তি শুধু কারিগরি আলোচনার মাধ্যমে হয় না। এর জন্য দুই দেশের সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের সম্মতি প্রয়োজন।
বর্তমান চুক্তিতে অনেক সীমাবদ্ধতা রয়েছে। এতে বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রয়োজন পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়নি। তবে দুর্বল চুক্তি থাকাও চুক্তি না থাকার চেয়ে ভালো। অতীতে চুক্তিহীন অবস্থায় বাংলাদেশকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তাই প্রথমে একটি অন্তর্বর্তী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এরপর সময় নিয়ে ভালো চুক্তির দিকে এগোতে হবে।
প্রশ্ন: গত ৩০ বছরে গঙ্গার পানিবণ্টন চুক্তি থেকে বাংলাদেশ কতটা উপকৃত হয়েছে? কোথায় প্রত্যাশা পূরণ হয়নি?
মনজুর আহমেদ চৌধুরী: এই চুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো, দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হয়েছিল। কিন্তু চুক্তি অনুযায়ী পানি পাওয়ার কথা আর দেশের প্রকৃত পানির চাহিদা পূরণ হওয়া এক বিষয় নয়। অনেক সময় চুক্তিতে যে পরিমাণ পানি পাওয়ার কথা, সেটিও পাওয়া যায়নি।
চুক্তির একটি বড় দুর্বলতা হলো, ফারাক্কায় যতটুকু পানি আসে, মূলত সেটিই ভাগ করা হয়। কিন্তু ফারাক্কায় পৌঁছানোর আগেই উজানের বিভিন্ন জায়গায় পানি তুলে নেওয়া হচ্ছে। ফলে ফারাক্কায় পানির প্রবাহ কমে গেলে ভাগাভাগি করেও বাংলাদেশের প্রয়োজন মেটানো সম্ভব হয় না।
আরেকটি সমস্যা হলো, চুক্তিতে মূলত জানুয়ারি থেকে মে মাসের পানিবণ্টনকে গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ নদীর পানি ব্যবস্থাপনা শুধু পাঁচ মাসের বিষয় নয়। বর্ষাকালে নদীতে কত পানি আসে, সেই পানি কীভাবে ধরে রাখা যায়, শুষ্ক মৌসুমে কীভাবে ব্যবহার করা যায়—সবকিছু বিবেচনায় নিতে হবে। এ বিষয়ে গত ৩০ বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
প্রশ্ন: নতুন চুক্তিতে বাংলাদেশের পানির দাবি কীভাবে নির্ধারণ করা উচিত?
মনজুর আহমেদ চৌধুরী: শুধু কত কিউসেক পানি পাওয়া যাবে, সেই হিসাবের মধ্যে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখা উচিত নয়। প্রথমে জানতে হবে, পুরো গঙ্গা অববাহিকায় কী পরিমাণ পানি আসে, উজানে কোথায় কত পানি ব্যবহার করা হচ্ছে এবং ভাটির দেশ হিসেবে বাংলাদেশের কী কী প্রয়োজন রয়েছে।
পানির প্রবাহ সব সময় এক রকম থাকে না। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে পানির পরিমাণ ও সময়েও পরিবর্তন আসতে পারে। তাই এসব বিষয় বিবেচনায় নিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নদীর নিজেরও পানি প্রয়োজন। দুই দেশ যদি নিজেদের প্রয়োজনে সব পানি ভাগ করে নেয়, তাহলে নদী বাঁচবে কীভাবে? নদীর স্বাভাবিক প্রবাহ, জীববৈচিত্র্য এবং নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা রক্ষার জন্যও পর্যাপ্ত পানি রাখতে হবে।
গড়াই নদীসহ গঙ্গার শাখানদী, সুন্দরবন, কৃষি, মৎস্যসম্পদ ও সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বাংলাদেশের পানির দাবি তৈরি করা উচিত। কোন সময়ে নদীতে কতটুকু পানি থাকা প্রয়োজন, তা গবেষণার মাধ্যমে নির্ধারণ করতে হবে। শুধু পানি নেওয়ার হিসাব করলে নদী ও মানুষ—দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।
প্রশ্ন: আপনি অববাহিকাভিত্তিক চুক্তির কথা বলছেন। বর্তমান চুক্তির সঙ্গে এর পার্থক্য কী?
মনজুর আহমেদ চৌধুরী: বর্তমান ব্যবস্থায় মূলত ফারাক্কায় পৌঁছানো পানির ভাগাভাগি নিয়ে আলোচনা হয়। কিন্তু অববাহিকাভিত্তিক চুক্তি হলে পুরো নদী ও এর শাখানদীগুলোকে একসঙ্গে বিবেচনা করা হবে।
এতে উজানে পানি প্রত্যাহার, পানি সংরক্ষণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং ভাটির দেশের প্রয়োজন—সব বিষয় আলোচনায় আসবে। গঙ্গার শুষ্ক মৌসুমের পানিপ্রবাহে নেপাল থেকে আসা কয়েকটি শাখানদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নেপালকেও এই আলোচনায় যুক্ত করার চেষ্টা করতে হবে।
আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হওয়া উচিত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা—এই তিনটি নদী অববাহিকাকে ঘিরে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তোলা। একসঙ্গে তিনটি অববাহিকা নিয়ে কাজ করা সম্ভব না হলে একটি দিয়ে শুরু করা যেতে পারে।
আমার মতে, পাঁচ বছর সময় নিয়ে একটি অববাহিকাভিত্তিক চুক্তি করার প্রস্তুতি নেওয়া সম্ভব। এতে শুধু পানিবণ্টন নয়, নদী থেকে পাওয়া অন্যান্য সুবিধা, যেমন বিদ্যুৎ উৎপাদন ও পানি সংরক্ষণের সুযোগও ভাগাভাগি করা যাবে। শুধু কত কিউসেক পানি পেলাম, সেই হিসাবের মধ্যে থাকলে সহযোগিতার অনেক সুযোগ নষ্ট হবে।
প্রশ্ন: নতুন চুক্তির মেয়াদ ও শর্ত কেমন হওয়া উচিত?
মনজুর আহমেদ চৌধুরী: নতুন চুক্তিতে কিছু মৌলিক নীতি দীর্ঘমেয়াদে কার্যকর থাকতে হবে। যেমন উজানের কোনো কার্যক্রমের কারণে ভাটির দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না, নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে এবং দুই দেশের মধ্যে ন্যায্যভাবে সুবিধা ভাগ করতে হবে।
তবে পানির পরিমাণ, কোন মৌসুমে কীভাবে পানি ভাগ হবে—এসব বিষয় নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা করতে হবে। কারণ ১০ বা ১৫ বছর পর নদীর প্রবাহ, পরিবেশ ও মানুষের চাহিদা বদলে যেতে পারে।
তাই চুক্তির মূলনীতি দীর্ঘস্থায়ী হলেও বাস্তব ব্যবস্থাপনায় পরিবর্তনের সুযোগ থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ কতটুকু পানি পাবে, তার কার্যকর নিশ্চয়তা এবং দুই দেশের মধ্যে বিরোধ দেখা দিলে তা সমাধানের জন্য নিরপেক্ষ সালিসি ব্যবস্থা থাকতে হবে।
আমার আপত্তি হলো, বর্তমান চুক্তির সীমাবদ্ধতা দূর না করে যদি একই চুক্তি আরও ৩০ বছরের জন্য নবায়ন করা হয়, তাহলে দীর্ঘ মেয়াদে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রশ্ন: সরকার পানিপ্রাপ্তির নিশ্চয়তা দিতে নতুন চুক্তিতে শক্তিশালী ‘গ্যারান্টি ক্লজ’ চায়। এটি কতটা জরুরি?
মনজুর আহমেদ চৌধুরী: এটি অত্যন্ত জরুরি। শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী পানি পাওয়ার নিশ্চয়তা থাকতে হবে। কোনো কারণে পানির প্রবাহ কমে গেলে দুই দেশ কীভাবে সেই ঘাটতি মোকাবিলা করবে, সেটিও চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
তবে শুধু গ্যারান্টি ক্লজ যুক্ত করলেই সমস্যার সমাধান হবে না। ফারাক্কায় পানির প্রবাহ কেন কমে যাচ্ছে, সেটিও খুঁজে দেখতে হবে।
বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করার সুযোগ রয়েছে কি না, তা নিয়ে গবেষণা করা যেতে পারে। ভাগীরথী-হুগলি নদীর পানির চাহিদা কীভাবে মেটানো যায়, সেটিও দেখতে হবে। কলকাতা বন্দরের জন্য কতটুকু পানি প্রয়োজন এবং বিকল্প কোনো ব্যবস্থা আছে কি না, তা যাচাই করা দরকার।
একটি বন্দরের প্রয়োজনের পাশাপাশি ভাটির মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পরিবেশের প্রয়োজনও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
প্রশ্ন: গঙ্গার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের বর্তমান প্রস্তুতি ও সরকারের উদ্যোগকে কি যথেষ্ট মনে করছেন?
মনজুর আহমেদ চৌধুরী: সরকার প্রচলিত কাঠামোর মধ্যে যতটুকু সম্ভব, তা করার চেষ্টা করছে। সরকার কিছুই করছে না, এমন বলা ঠিক হবে না। তবে আমার পর্যবেক্ষণ হলো, ভারতের দিক থেকে আলোচনার গতি ধীর হয়ে গেছে।
যৌথ নদী কমিশন ও কারিগরি পর্যায়ে আলোচনার কথা বলা হচ্ছে। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হতে আর বেশি সময় নেই। যৌথ নদী কমিশন শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান নয়, ভারতও এর অংশ। তাই রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই কমিশনের পক্ষে একা চুক্তি করা সম্ভব নয়।
দুই দেশের বর্তমান শীতল সম্পর্কও আলোচনার পরিবেশে প্রভাব ফেলছে। গঙ্গার পানিবণ্টন শুধু কারিগরি বিষয় নয়, এর সঙ্গে কূটনীতি ও রাজনীতিও জড়িত।
আমাদের একটি স্থায়ী বিশেষজ্ঞ দল থাকা প্রয়োজন। সেখানে পানিবিশেষজ্ঞ, কূটনীতিক, পরিবেশবিদ, সমাজবিজ্ঞানী এবং আন্তর্জাতিক নদী আইন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিরা থাকবেন। তাঁদের নিয়মিত কাজ করার সুযোগ ও প্রয়োজনীয় বাজেট দিতে হবে। শুধু চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় আলোচনা শুরু করলে হবে না। দীর্ঘমেয়াদি প্রস্তুতি থাকতে হবে।
প্রশ্ন: বাংলাদেশ প্রাপ্য পানি না পেলে দ্রুত প্রতিকার এবং পানির তথ্যের স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা সম্ভব?
মনজুর আহমেদ চৌধুরী: নতুন চুক্তিতে কার্যকর সালিসি ব্যবস্থা রাখতে হবে। দুই দেশের মধ্যে আলোচনা করেও কোনো বিরোধের সমাধান না হলে পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট থাকতে হবে।
পানির তথ্য জনগণের জন্য উন্মুক্ত করাও জরুরি। ফারাক্কায় কত পানি আসছে, ভারত কতটুকু পানি সরিয়ে নিচ্ছে এবং বাংলাদেশ কতটুকু পানি পাচ্ছে—এসব তথ্য নিয়মিত প্রকাশ করা উচিত।
এখন প্রযুক্তির মাধ্যমে প্রায় তাৎক্ষণিকভাবে পানির প্রবাহের তথ্য সংগ্রহ ও প্রকাশ করা সম্ভব। পরিমাপের পদ্ধতি এমন হতে হবে, যা দুই দেশই গ্রহণ করবে। তথ্যের মধ্যে কোনো অসংগতি দেখা দিলে তা দ্রুত যাচাই করার ব্যবস্থাও থাকতে হবে।
শুধু বলা হলো, বাংলাদেশ পানি পাচ্ছে বা পাচ্ছে না—এতে মানুষের আস্থা তৈরি হবে না। তথ্য প্রকাশ করা হলে সবাই বুঝতে পারবে বাস্তবে কী ঘটছে। স্বচ্ছতা থাকলে ভুল বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় বিতর্কও কমবে।
প্রশ্ন: ভারতের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই কি অভিন্ন নদীর পানির সমস্যা সমাধান হবে?
মনজুর আহমেদ চৌধুরী: অতীত অভিজ্ঞতা তা বলে না। শেখ হাসিনার সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপরও তিস্তা চুক্তি হয়নি। অন্য অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও প্রত্যাশিত অগ্রগতি আসেনি।
আমার মূল্যায়ন হলো, ভারত পানিকে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ার হিসেবেও ব্যবহার করে। তাই শুধু বন্ধুত্ব বা ভালো সম্পর্কের ওপর নির্ভর করে বাংলাদেশের পানির সমস্যার সমাধান হবে না। নিজেদের প্রয়োজন ও অধিকার নিয়ে শক্তভাবে আলোচনা করতে হবে।
আমি ভারতকে ট্রানজিট বা বাংলাদেশের বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিরোধী নই। দুই দেশের মধ্যে সহযোগিতা থাকা উচিত। তবে সেই সহযোগিতায় বাংলাদেশের স্বার্থও সমান গুরুত্ব পেতে হবে।
বাংলাদেশের ভেতর দিয়ে নৌপথ সচল রাখতে পানি প্রয়োজন। তাই ট্রানজিট, বন্দর ব্যবহার ও অন্যান্য সহযোগিতার আলোচনায় পানির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা যেতে পারে। বাংলাদেশকে সব সময় দুর্বল পক্ষ হিসেবে ভাবার কোনো কারণ নেই।
প্রশ্ন: নদী ও পানির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য কি চুক্তির পথে বাধা তৈরি করছে?
মনজুর আহমেদ চৌধুরী: ভারতের কোনো একটি রাজ্য বা মুখ্যমন্ত্রীর আপত্তি দিয়ে পুরো সমস্যার ব্যাখ্যা করা যায় না।
আগে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। তখন তিস্তা চুক্তি না হওয়ার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কথা বলা হতো। এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার। কিন্তু তিস্তা চুক্তি নিয়ে এখনো ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে না।
তাহলে বোঝা যায়, বিষয়টি শুধু রাজ্য সরকারের আপত্তির মধ্যে সীমাবদ্ধ নয়। মূল প্রশ্ন হলো, ভারত রাষ্ট্র হিসেবে কী সিদ্ধান্ত নিতে চায় এবং বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগির ক্ষেত্রে তাদের রাজনৈতিক সদিচ্ছা কতটা রয়েছে।
প্রশ্ন: ফারাক্কার কারণে ভারতেরও কিছু এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের সঙ্গে বাংলাদেশের মানুষের সংহতি গড়ে তোলার সুযোগ আছে কি?
মনজুর আহমেদ চৌধুরী: অবশ্যই আছে। ভারতের ভেতরেও নদীভাঙন, পলি জমা ও বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন। মালদহসহ বিভিন্ন এলাকায় নদীভাঙনে মানুষ ঘরবাড়ি হারাচ্ছেন। পদ্মার তীরে বাংলাদেশের মানুষের যে দুর্ভোগ, তার সঙ্গে ভারতের এসব এলাকার মানুষের অভিজ্ঞতার অনেক মিল রয়েছে।
আমাদের উচিত ভারতের নদী গবেষক, পরিবেশকর্মী ও ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো। তাঁদের বাংলাদেশে এনে দেখানো যেতে পারে, পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে কী ধরনের সমস্যা তৈরি হয়।
নদী শুধু দুই দেশের সরকারের বিষয় নয়। নদীর দুই পাড়ে বসবাসকারী মানুষের জীবন, জীবিকা, ঘরবাড়ি ও নিরাপত্তার বিষয়ও এর সঙ্গে জড়িত। এসব অভিন্ন সমস্যা নিয়ে দুই দেশের সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন।
সরকারি পর্যায়ে আলোচনা যেমন দরকার, তেমনি জনগণ ও বিশেষজ্ঞ পর্যায়েও সহযোগিতা গড়ে তুলতে হবে।
প্রশ্ন: সরকার পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে চায়। এ উদ্যোগকে কীভাবে দেখছেন?
মনজুর আহমেদ চৌধুরী: পদ্মা ব্যারাজের মাধ্যমে পানি সংরক্ষণ করে শাখানদী ও সেচব্যবস্থায় ব্যবহারের ধারণাকে আমি সমর্থন করি। তবে এটি একটি ব্যয়বহুল প্রকল্প। বাস্তবায়ন করতেও দীর্ঘ সময় লাগবে।
তাই শুধু একটি বড় স্থাপনার ওপর নির্ভর করা উচিত নয়। আমাদের দেশের অনেক খাল ও নদী বর্ষাকালে পানিতে ভরে যায়, কিন্তু শুষ্ক মৌসুমে সেগুলো শুকিয়ে যায়। এসব জায়গায় প্রয়োজন অনুযায়ী খনন ও নিয়ন্ত্রিত পানি সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।
সংরক্ষিত পানি সেচ, মাছ চাষ এবং অন্যান্য কাজে ব্যবহার করা সম্ভব। একই সঙ্গে প্লাবনভূমির সঙ্গে নদীর স্বাভাবিক যোগাযোগ বজায় রাখতে হবে।
তবে যেকোনো প্রকল্প নেওয়ার আগে দেখতে হবে, তাতে নদীর পরিবেশ ও ভাটির প্রবাহের ক্ষতি হচ্ছে কি না। পানি সংরক্ষণের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের কথাও আলোচনায় এসেছে। এ অবস্থায় বাংলাদেশের সিদ্ধান্ত কীভাবে নেওয়া উচিত?
মনজুর আহমেদ চৌধুরী: তিস্তাকে ঘিরে ভূরাজনৈতিক হিসাব-নিকাশ রয়েছে। শিলিগুড়ি করিডরের কাছাকাছি অবস্থানের কারণে তিস্তা এলাকায় চীনের উপস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। অন্য দেশগুলোরও এ অঞ্চলে আগ্রহ থাকতে পারে।
তবে বাংলাদেশকে নিজের স্বার্থ ও প্রয়োজন বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আমার প্রশ্ন হলো, আমরা কেন নিজেদের অর্থায়নে এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি করার বিষয়টি আগে বিবেচনা করছি না?
যে দেশের সঙ্গেই চুক্তি করা হোক, প্রকল্পের নকশা তৈরি করতে হবে বাংলাদেশের পানিবিশেষজ্ঞ, পরিবেশবিদ ও প্রকৌশলীদের নিয়ে। নদীকে বাঁচিয়ে কীভাবে পানি সংরক্ষণ ও ব্যবহার করা যায়, সেটিই হবে মূল লক্ষ্য।
এরপর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা যেতে পারে। যে প্রতিষ্ঠান ভালো মানের কাজ কম খরচে করতে পারবে, তাকে কাজ দেওয়া হবে। কোনো বিদেশি অর্থদাতা দেশের পরিকল্পনাই আমাদের পরিকল্পনা হয়ে যাবে, এমন হওয়া উচিত নয়। প্রকল্পের নিয়ন্ত্রণ, নকশা ও অগ্রাধিকার বাংলাদেশের হাতে থাকতে হবে।
প্রশ্ন: গঙ্গার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের এখনই কী করা উচিত? আর দীর্ঘ মেয়াদে কী ধরনের প্রস্তুতি প্রয়োজন?
মনজুর আহমেদ চৌধুরী: প্রথম কাজ হলো, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি অন্তর্বর্তী চুক্তি নবায়নের চেষ্টা করা। চুক্তিহীন অবস্থায় যাওয়ার ঝুঁকি নেওয়া উচিত হবে না। তিন থেকে পাঁচ বছরের জন্য নবায়ন করা গেলে সেই সময়কে নতুন চুক্তির প্রস্তুতিতে কাজে লাগাতে হবে।
শুধু চুক্তি করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। পানির তথ্য সংগ্রহ, গবেষণা, দেশের প্রকৃত চাহিদা নির্ধারণ এবং দক্ষ আলোচক দল গঠন—সব কাজ একসঙ্গে এগিয়ে নিতে হবে।
নেপালসহ সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্ত করে অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনার দিকে যেতে হবে। প্রয়োজনে একটি অববাহিকা দিয়ে কাজ শুরু করে অভিজ্ঞতার ভিত্তিতে অন্য অববাহিকায় এগোনো যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাংলাদেশের পানি কূটনীতির সক্ষমতা বাড়ানো। আমাদের কূটনীতিকদের নদী ও পানিবিজ্ঞানের বিষয় বুঝতে হবে। একইভাবে পানিবিশেষজ্ঞদেরও আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে ধারণা থাকতে হবে।
গঙ্গার পানি শুধু একটি নদীর পানির হিসাব নয়। এর সঙ্গে বাংলাদেশের কৃষি, অর্থনীতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও লাখ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত। তাই সাময়িক রাজনৈতিক বা কূটনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের দীর্ঘমেয়াদি স্বার্থকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
প্রশ্ন: সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
মনজুর আহমেদ চৌধুরী: আপনাকেও ধন্যবাদ।

