সেন্ট মার্টিন রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ জরুরি, বাণিজ্যিক স্বার্থ নয়

পর্যটন বাড়াতে গিয়ে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ধ্বংস হতে দেওয়া যায় না। পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত এ ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করেছে। সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত দ্বীপটির নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ইতিমধ্যে ৫ নভেম্বর থেকে দ্বীপটিতে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সরকার প্রতিদিন পর্যটকের সংখ্যা ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ করেছে। একই সঙ্গে রাতযাপনের সুযোগ দুই মাস থেকে বাড়িয়ে সাড়ে চার মাস করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যে দ্বীপে আগের সীমিতসংখ্যক পর্যটক সামলাতেই নানা সমস্যা দেখা দিত, সেখানে পর্যাপ্ত অবকাঠামো ও পরিবেশগত সক্ষমতা যাচাই না করে এত বড় সিদ্ধান্ত নেওয়া কতটা যুক্তিসংগত?

সেন্ট মার্টিন শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি অত্যন্ত সংবেদনশীল একটি প্রাকৃতিক পরিবেশ। ১৯৯৯ সালে দ্বীপটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। এখানে রয়েছে প্রবাল, সামুদ্রিক কাছিম, শৈবালসহ নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ। কিন্তু দীর্ঘদিনের অপরিকল্পিত উন্নয়ন, হোটেল-রিসোর্ট নির্মাণ, প্লাস্টিক বর্জ্য এবং পর্যটকদের অতিরিক্ত চাপ দ্বীপটির পরিবেশকে ইতিমধ্যে বিপন্ন করে তুলেছে। অনেক প্রজাতির অস্তিত্বও এখন হুমকির মুখে।

আগের সরকারের পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্তে দ্বীপটির পরিবেশ কিছুটা স্বস্তি পেয়েছিল। ২০২৫ সালে পর্যটকের সংখ্যা সীমিত রাখার ফলে সমুদ্রের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেড়েছিল এবং সৈকতে বর্জ্যের চাপও কমেছিল। অর্থাৎ পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ করলে দ্বীপের প্রকৃতি ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বদলে পর্যটকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত, তা ভেবে দেখা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দ্বীপের সুপেয় পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সক্ষমতা বিবেচনায় প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জন পর্যটক যাতায়াত করাই যুক্তিযুক্ত। সেখানে প্রতিদিন ৩ হাজার ৫০০ পর্যটকের অনুমতি দেওয়া এবং দীর্ঘ সময় রাতযাপনের সুযোগ তৈরি করা দ্বীপটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। পর্যাপ্ত পানি, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

এ ছাড়া আমাদের প্রশাসনিক বাস্তবতায় পর্যটকদের জন্য নির্ধারিত নিয়মকানুন যথাযথভাবে কার্যকর করা সম্ভব কি না, সেই প্রশ্নও রয়েছে। পর্যটকের সংখ্যা বাড়লেও নজরদারি ও ব্যবস্থাপনা দুর্বল থাকলে নিষেধাজ্ঞা কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। এর ফলে প্লাস্টিক দূষণ, প্রবাল ক্ষতি এবং সামুদ্রিক প্রাণীর আবাসস্থল নষ্ট হওয়ার আশঙ্কা বাড়বে।

আমরা মনে করি, সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় সরকারকে পর্যটকের সংখ্যা ও রাতযাপনের সময় বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। বিজ্ঞানসম্মত সমীক্ষা ও পরিবেশ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পর্যটনের সীমা নির্ধারণ করা জরুরি। পাশাপাশি স্থানীয় মানুষের বিকল্প জীবিকার সুযোগ তৈরি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে।

মনে রাখতে হবে, সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্যই পর্যটনের প্রধান আকর্ষণ। সেই সৌন্দর্য ও জীববৈচিত্র্য ধ্বংস করে সাময়িক ব্যবসায়িক লাভের সুযোগ তৈরি করা হলে শেষ পর্যন্ত পর্যটনশিল্পও ক্ষতিগ্রস্ত হবে। তাই বাণিজ্যিক স্বার্থের চেয়ে দ্বীপের পরিবেশ সুরক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে। পর্যটন বাড়ানোর আগে সেন্ট মার্টিনকে বাঁচানোই হোক সরকারের প্রধান দায়িত্ব।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted