আগামী বছরের ৬ জুনের আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে সভায় ইউপি নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হয়নি।
ইসি সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষার কারণে ভোটের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে। প্রয়োজনে ভোটের ধাপও কমানো হতে পারে। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে।
তিনি বলেন, ‘পরীক্ষা যেন ব্যাহত না হয়, সেটি লক্ষ রাখা হবে। যত দ্রুত সম্ভব ভোটের চূড়ান্ত তারিখ জানানো হবে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় ফাঁকা পাওয়া যাবে। তবে এ সময় রমজান মাসও রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কয়েক দফা বৈঠক করবে। কমিশনের সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।
