সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও নতুন ভবন নির্মাণ বন্ধ

বিশেষ প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরের সরকারি ব্যয়ে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন গাড়ি কেনা, সরকারি টাকায় বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেওয়া এবং নতুন ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমিয়ে গুরুত্বপূর্ণ ও দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পে বরাদ্দ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশোধিত বাজেট তৈরির জন্য গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক পরিপত্র জারি করে এসব নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, সংশোধিত বাজেটের মোট ব্যয় কোনোভাবেই মূল বাজেটের নির্ধারিত সীমা ছাড়াতে পারবে না। কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি করতে পারবে না। বরং মূল বাজেটের মধ্যেই অগ্রাধিকার অনুযায়ী বিভিন্ন খাতের বরাদ্দ পুনর্বিন্যাস করতে হবে।

সরকারের নীতি, অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় খাতে অর্থ বরাদ্দ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৬ নভেম্বরের মধ্যে সংশোধিত বাজেটের প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

গাড়ি কেনায় নতুন বিধিনিষেধ

অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরে সরকারি কাজে ব্যবহারের জন্য সব ধরনের নতুন যানবাহন কেনার বরাদ্দ ব্যয় করা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরোনো সরকারি তালিকাভুক্ত (টিওঅ্যান্ডই) গাড়ি পরিবর্তন এবং নতুন গঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন কেনার ক্ষেত্রে বিশেষ অনুমতি নেওয়া যাবে।

এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া নতুন কেনা বা পুরোনো গাড়ির পরিবর্তে কেনা সব যানবাহন বৈদ্যুতিক হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যাবে।

সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণের খাতেও কোনো বরাদ্দ রাখা যাবে না। একইভাবে পরিচালন বাজেট থেকে জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে।

নতুন ভবন নির্মাণেও নিষেধাজ্ঞা

সরকারি ব্যয় কমাতে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণে অর্থ ব্যয় করা যাবে না।

তবে যেসব ভবনের নির্মাণকাজ ৭০ শতাংশ বা তার বেশি শেষ হয়েছে, সেগুলোর বাকি কাজ শেষ করতে অর্থ বিভাগের অনুমতি নিয়ে বরাদ্দ ব্যয় করা যাবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে অন্য কোনো ভবন নির্মাণ করতে হলেও আগে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।

বিদেশে প্রশিক্ষণ ও ভ্রমণে কড়াকড়ি

সরকারি অর্থে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সীমিত পরিসরে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ রাখা যাবে।

অন্যদিকে সরকারি অনুষ্ঠানে আপ্যায়ন, সেমিনার ও বিভিন্ন আয়োজনের জন্য বরাদ্দ রাখা যাবে। তবে এসব ক্ষেত্রে অপ্রয়োজনীয় আড়ম্বর পরিহার করে কম খরচে অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে।

কম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাদ

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পের সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। সরকারের কৌশলগত লক্ষ্য ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখে গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করতে বলা হয়েছে। প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বরাদ্দ ছাড়া কোনো প্রকল্প সংশোধিত এডিপির মূল তালিকায় রাখা যাবে না। একই সঙ্গে যেসব প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে, সেগুলো থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়ন সম্ভব এমন গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ দেওয়া হবে।

বৈদেশিক ঋণ ও অনুদানে পরিচালিত প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

এ ছাড়া চলতি অর্থবছরের মধ্যে যেসব প্রকল্প শেষ হওয়ার কথা, সেগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই ধরনের ছোট ছোট প্রকল্প আলাদাভাবে না রেখে প্রয়োজনে একত্র করে গুচ্ছ প্রকল্প হিসেবে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।

বৈদেশিক ঋণের অর্থ ব্যবহারে গুরুত্ব

বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থ যথাযথভাবে কাজে লাগানোর বিষয়েও নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। এ জন্য প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দ নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলমান প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্থানীয় অর্থের সংস্থান নিশ্চিত করার পরই নতুন প্রকল্পে বরাদ্দের প্রস্তাব করা যাবে। এতে চলমান প্রকল্পের কাজ বাধাগ্রস্ত না করে বিদেশি অর্থায়নের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।

নতুন বেতনকাঠামো বিবেচনায় বাজেট

সংশোধিত পরিচালন বাজেট তৈরির ক্ষেত্রে ২০২৬ সালের জাতীয় বেতনকাঠামো অনুসরণ করতে বলা হয়েছে। এ জন্য চলতি অর্থবছরের অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রকৃত ব্যয়ের হিসাব বিবেচনায় নেওয়া যাবে।

এ ছাড়া রাজস্ব আয় ও পরিচালন ব্যয়ের সংশোধিত হিসাব তৈরির সময় আগের দুই অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত আয় ও ব্যয়ের প্রবণতা বিবেচনা করতে হবে।

অর্থ বিভাগের এই নির্দেশনার মাধ্যমে চলতি অর্থবছরে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে অর্থের ব্যবহার আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ নিশ্চিত করা এবং চলমান প্রকল্প দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted